ভারতের দিল্লির শাহদ্রা জেলার কৃষ্ণনগর এলাকায় একটি স্কুলের ভেতরে নিজের শরীরে আগুন দিলে ১৭ বছর বয়সী দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। খবর এনডিটিভির।
সর্বোদয় কন্যা বিদ্যালয়ের প্রহরী কক্ষের পেছন থেকে ওই ছাত্রীর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানান, ওই ছাত্রী নিজের গায়ে পেট্রলের মতো তরল পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। তার মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
প্রাথমিক তদন্ত চলাকালে পুলিশ ওই ছাত্রীর স্কুলব্যাগ থেকে তিন পৃষ্ঠার নোট উদ্ধার করেছে। শিক্ষকদের ভাষ্যমতে, পুলিশ তার ব্যাগ থেকে কিছু সন্দেহজনক জিনিসও পেয়েছে, তবে সেগুলোর কী তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহত ছাত্রীর বোন জানায়, সে তাকে হাসিমুখে ও আনন্দে স্কুলে যেতে দেখেছিল। সে বলে, ‘আমি জানি না কী হয়েছে। স্কুল থেকে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আমাদের ফোন করা হয়।’
ঘটনাস্থল পরিদর্শন ও প্রমাণ সংগ্রহের জন্য পুলিশের ক্রাইম টিমকে ডাকা হয়েছে। ঘটনার পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
এ ঘটনায় বিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
