বসুনিয়া হাসান, নীলফামারী: নীলফামারীতে জেলা পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর অংশ হিসেবে প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকাল ৯টায় নীলফামারী পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ পরীক্ষার আয়োজন করে নীলফামারী জেলা পুলিশ।
কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির লক্ষ্যে আয়োজিত এ পরীক্ষায় অংশগ্রহণকারীদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও সামগ্রিক পেশাগত দক্ষতা মূল্যায়ন করা হয়।
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন।
এ সময় বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, নীলফামারীর সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম. ওহিদুন্নবী এবং নীলফামারী পুলিশ লাইন্সের আরআই মো. মোফাজ্জল হোসেন।
বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অংশ হিসেবে অনুষ্ঠিত এ প্যারেড পরীক্ষার মাধ্যমে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যদের প্যারেড-সংক্রান্ত দক্ষতা, শারীরিক সক্ষমতা ও পেশাগত মান যাচাই করা হয়।

