শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির টেকসই ব্যবস্থাপনা, একাডেমিক উৎকর্ষ সাধন ও প্রাতিষ্ঠানিক মানোন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রশাসনিক দক্ষতা ও সুশাসন নিশ্চিত করে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ‘অ্যাকশন প্ল্যান ফর সাসটেইনেবল ম্যানেজমেন্ট অ্যান্ড একাডেমিক ডেভেলপমেন্ট অব এসএমইউসিটি’ শীর্ষক সেশনে এসব পরিকল্পনা তুলে ধরা হয়। সেশনে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হক বলেন, কর্মস্থল মানে নিছক নয়টা-পাঁচটার অফিস নয়, বরং একটি পরিবার। এ মানসিকতা নিয়ে কাজে আত্মনিয়োগ করতে পারলে নিজের পাশাপাশি প্রতিষ্ঠানের সাফল্যও অনিবার্য বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য গোলাম তৌহিদ। স্বাগত বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম।
সেশনে টেকসই ব্যবস্থাপনা, ফলাফলভিত্তিক শিক্ষা (ওবিই) কারিকুলাম বাস্তবায়ন, শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাঙ্গনের মধ্যে সমন্বয়, গবেষণা কার্যক্রম জোরদার, ক্যারিয়ার কাউন্সেলিং ও কর্মসংস্থান, মানসম্পন্ন শিক্ষক নিয়োগ এবং হাতে-কলমে শিক্ষার ওপর গুরুত্ব দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক রূপান্তরের লক্ষ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা ও কৌশলগত রূপরেখা উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান। তার উপস্থাপনায় একাডেমিক উৎকর্ষ সাধন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, সুশাসন নিশ্চিতকরণ, ডিজিটাল রূপান্তর এবং প্রাতিষ্ঠানিক মানোন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক মো. মনিরউজ জামান এবং অতিরিক্ত রেজিস্ট্রার সুরঞ্জিত মণ্ডল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের বিস্তারিত রূপরেখা উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. আনজুমানআরা বেগম, ডালিয়া নওরিণ ও রিয়াসাত ইসলাম খান উপস্থিত ছিলেন। তারা উদ্যোগটির প্রশংসা করেন এবং আলোচ্য বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ডিবিএর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বেহযাদ নূর, ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক সৈয়দ আজিজুল হক, ফ্যাকাল্টি অব ডিজাইন অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক শিশির কুমার ভট্টাচার্য, চারুকলা ও পারফর্মিং আর্টস অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ কুমার নন্দীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
