আজকাল ওয়েবডেস্ক: আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১৫ অক্টোবর থেকে দেশ জুড়ে ব্যবসায়ীদের জন্য ইউপিআই মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) চালু হওয়ার কথা ছিল। কিন্তু সেই সিদ্ধান্ত আপাতত বদলাল কেন্দ্র। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) মঙ্গলবার জানিয়েছে, দিপাবলীর পরেই নির্দিষ্ট কিছু ব্যক্তি-থেকে-ব্যবসায়ী (পি২এম) ইউপিআই লেনদেনের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) কার্যকর করা হবে।
একটি বিবৃতিতে এনপিসিআই জানিয়েছে, উৎসবের মরসুমের কথা বিবেচনা করে ১৩ অক্টোবর একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কবে থেকে এমডিআর চালু করা হবে তার তারিখ আলাদাভাবে জানিয়ে দেওয়া হবে। এমডিআর ডিজিটাল পেমেন্ট প্রসেস করার জন্য ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া একটি ফি। প্রস্তাবিত এই চার্জ শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যদিও বিবৃতিতে নির্দিষ্ট করে বলা হয়নি কোন কোন শ্রেণীর লেনদেনের উপর এই চার্জ আরোপ করা হবে।
নতুন কাঠামো অনুযায়ী, দু’হাজার টাকার বেশি ইউপিআই পেমেন্ট গ্রহণকারী ব্যবসায়ীদের লেনদেনের মূল্যের উপর ০.৪ শতাংশ ফি দিতে হবে। তবে, ব্যক্তি-থেকে-ব্যক্তি স্থানান্তরের ক্ষেত্রে এই চার্জ প্রযোজ্য হবে না এবং নির্দিষ্ট কিছু শ্রেণীর ক্ষেত্রে পেমেন্টের পরিমাণ নির্বিশেষে একটি নির্দিষ্ট পাঁচ টাকা ফি ধার্য করা হবে।
গত ১১ আগস্ট সংসদে ‘ট্যাক্সেশন অ্যান্ড আদার ল’জ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ পাস হওয়ার পর এই এমডিআর কাঠামোটি আনা হয়। এই বিলে ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭’-এর ধারা ১০এ সংশোধন করে সরকারকে নির্দিষ্ট ডিজিটাল পেমেন্টের উপর চার্জ আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে।
এর ভিত্তিতে, দু’হাজার টাকার বেশি ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে দু’ধরনের ফি প্রযোজ্য হবে। রেলওয়ে, টেলিকম পরিষেবা, বিমা এবং জ্বালানি ক্রয়ের সময় মার্চেন্টদের করা পেমেন্টের ক্ষেত্রে প্রতি লেনদেনে ফ্ল্যাট পাঁচ টাকা এমডিআর ধার্য হবে। দু’হাজার টাকার উপর ০.৪% এমডিআর ধার্য হবে। যা সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত সীমিত।
