Published on
:
1 min read
প্রযুক্তি ক্ষেত্রে কর্মী ছাঁটাইয়ের ধারা অব্যাহত। এ বার প্রায় ১,০০০ কর্মীকে ছাঁটাই করতে চলেছে নেটফ্লিক্স। সংস্থার মোট কর্মীর প্রায় ৬ শতাংশের চাকরি যেতে পারে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর একটি প্রতিবেদন অনুযায়ী, নেটফ্লিক্সের প্রোডাক্ট, প্রযুক্তি, আইনি এবং মানবসম্পদ বিভাগের কর্মীরা সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারেন।
নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ পর্যন্ত নেটফ্লিক্সে প্রায় ১৬,০০০ জন পূর্ণ সময়ের কর্মী ছিলেন। ২০২৫ সালে সংস্থার আয় হয়েছিল ৪৫২০ কোটি ডলার। একই সময়ে বিজ্ঞাপন থেকে আয় বেড়ে ১৫০ কোটি ডলার ছাড়িয়ে যায়।
সংস্থার তরফে জানানো হয়েছে, গ্রাহকদের পরিষেবা আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে বিনিয়োগ চালিয়ে যাওয়া হবে। পাশাপাশি পুরো বছরের জন্য যে আয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল, সেই লক্ষ্য পূরণের পথেই রয়েছে নেটফ্লিক্স।
কর্মীদের পাঠানো একটি অভ্যন্তরীণ বার্তায় সংস্থার সহ-প্রধান নির্বাহী টেড সারানডস এবং গ্রেগ পিটার্স জানিয়েছেন, তাঁদের লক্ষ্য সারা বিশ্বের মানুষকে বিনোদন দেওয়া। এই লক্ষ্য পূরণ করতে কর্মী ও অন্যান্য সম্পদ কোথায় ব্যবহার করা হবে, সে বিষয়ে সতর্ক সিদ্ধান্ত নিতে হবে।
এ দিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পরিকাঠামো তৈরিতে বিপুল অর্থ খরচ করছে একাধিক প্রযুক্তি সংস্থা। সেই খরচ সামাল দিতে অ্যামাজন ও ওরাকলের মতো সংস্থাও কর্মী ছাঁটাই এবং ব্যয় কমানোর পথে হাঁটছে।
প্রযুক্তি ক্ষেত্রে ছাঁটাইয়ের পরিসংখ্যানও উদ্বেগ বাড়াচ্ছে। চাকরির বাজার সংক্রান্ত তথ্য ও ছাঁটাইয়ের হিসাব রাখা সংস্থা TrueUp-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এখনও পর্যন্ত প্রযুক্তি ক্ষেত্রে প্রায় ১,৯৩,৬৯৮ জন কর্মী কাজ হারিয়েছেন। দৈনিক গড়ে প্রায় ৬৭৭ জন কর্মী কাজ হারানোর হিসাব পাওয়া যাচ্ছে। ২০২৫ সালে এই ক্ষেত্রে ছাঁটাইয়ের প্রভাব পড়েছিল ২,৪৫,৯৫৩ জনের উপর। সে বছর দৈনিক গড়ে প্রায় ৬৭৪ জন কর্মী কাজ হারিয়েছিলেন।
