ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ (ডিআরএমসি) প্রাঙ্গণে গতকাল থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী তৃতীয় ডিআরএমসি আন্তর্জাতিক বিজনেস সামিট ২০২৬। ডিআরএমসি বিজনেস অ্যান্ড ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ১৬ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলবে এ মেগা বিজনেস সামিট। এক জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সামিটের আনুষ্ঠানিক সূচনা ঘটে। তরুণ প্রজন্মকে ব্যবসায়িক জ্ঞান, উদ্যোক্তা মনোভাব এবং করপোরেট সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে এই সামিটের আয়োজন করা হয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫ হাজার শিক্ষার্থী এতে অংশ নিচ্ছেন। এবারের সামিটে শিক্ষার্থীদের মেধা ও ব্যবসায়িক দক্ষতা যাচাইয়ের জন্য মোট ২০টি ভিন্ন সেগমেন্ট বা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সফলভাবে প্রতিযোগিতা সম্পন্নকারী বিজয়ীদের জন্য মোট এক লক্ষ পাঁচ হাজার টাকার পুরস্কার রাখা হয়েছে। আগামী ১৮ অক্টোবর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। তিন দিনব্যাপী এই আয়োজনকে কেন্দ্র করে বর্তমানে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
