সিরাজগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন বগুড়া সদরের গোলাম মোস্তফা (৪৬), শাহজাহানপুর থানা এলাকার ট্রাকচালক মহিদুল ইসলাম (২৭) ও হেলপার সাকিব হোসেন (২১)।
অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৭ অক্টোবর গভীর রাতে রায়গঞ্জের চকনুর এলাকায় তালুকদার ফিলিং স্টেশন থেকে বিভিন্ন কোম্পানির ৪০০টি গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশে রওনা হয়। ট্রাকটি একই এলাকার রৌহা ব্রিজের কাছে পৌঁছালে ডাকাতেরা পথরোধ করে।
এ সময় তারা ট্রাকচালকসহ গাড়িতে থাকা অন্যদের দেশীয় অস্ত্রের মুখে হত্যার হুমকি দেয়। একপর্যায়ে দুর্বৃত্তরা ট্রাকটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। পরে ভোররাতে ষোলমাইল ফায়ার সার্ভিস এলাকার ফাঁকা রাস্তায় ট্রাকটি থামিয়ে দুটি মিনি ট্রাকে গ্যাস সিলিন্ডারগুলো তুলে নেয়। এ সময় চালক ও হেলপারের তিনটি মোবাইল ফোন এবং নগদ ৮৬ হাজার টাকাও ছিনিয়ে নিয়ে যায় তারা।
এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রির চর গ্রামের মোহাম্মদ শফিউল্লাহ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ বিশেষ তদন্ত কার্যক্রম শুরু করে।
তদন্তের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বগুড়া সদর ও শাহজাহানপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৪৮টি গ্যাস সিলিন্ডার ও একটি মিনি ট্রাক উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, এ মামলার তদন্ত ও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
