মেহেরপুরের গাংনীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ হাসিবুল ইসলাম (৪৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)।
শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার নওপাড়া ক্লাব পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত হাসিবুল ইসলাম গাংনী উপজেলার নওপাড়া গ্রামের ক্লাব পাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে।
এসআরবি-১২ গাংনীস্থ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের নওপাড়া ক্লাব পাড়া এলাকায় এক ব্যক্তি মাদকের বড় চালানসহ অবস্থান করছে এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেখানে একটি আভিযানিক দল পাঠানো হয়। কৌশলগত অভিযানে হাসিবুল ইসলামকে আটক করা হয় এবং পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাঁর হেফাজতে থাকা ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাঁকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
জেএইচআর
