নিজস্ব প্রতিবেদক · ২১ অক্টোবর, ২০২৬ ১০:৪৮ পূর্বাহ্ন
সিলেটে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা ২০০ ছুঁই ছুঁই করছে। সর্বশেষ গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে রোগটির উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ১৩২ জন ভর্তি হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের হাম ও রুবেলা রোগবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সিলেট বিভাগের এ পর্যন্ত হাম উপসর্গ নিয়ে ১৮৭ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন আরও ১০ জন। সবমিরিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৭।
বুধবারের প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালে নতুন করে ১৩২ জন ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৬৫ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ৫৩ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৯ জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে এবং ৫ জন রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে ১ হাজার ১১৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪৪২ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৮ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জন।
গুগলে আমাদের খবর পেতে
