The Sangbad · সাধারণ
ভাষার মাসের বদলে বইমেলা এবার জানুয়ারিতে
১৮/১০/২০২৬

আগামী ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা-২০২৭। মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। গত ১৩ অক্টোবর বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।একুশে বইমেলা বাঙালির সাহিত্য, সংস্কৃতি ও ভাষার সবচেয়ে বড় আয়োজন। প্রতি বছর ফেব্রুয়ারি মাসজুড়ে এই মেলা অনুষ্ঠিত হলেও এবার জানুয়ারির শুরু থেকেই মেলার দ্বার উন্মোচিত হচ্ছে।সাধারণত ১ ফেব্রুয়ারি শুরু হয়ে পুরো মাস জুড়ে বইমেলা চলে। তবে এবার প্রকাশকদের সঙ্গে আলোচনা করে জানুয়ারির ৭ তারিখ থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।চব্বিশের গণঅভ্যুত্থানের পরের বছর ২০২৫ সালে অমর একুশে বইমেলা ১ ফেব্রুয়ারি শুরু হয়েছিল। শেষ হয়েছিল ২৮ ফেব্রুয়ারি। উদ্বোধন করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।তবে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হওয়ায় একুশে বইমেলা ১ ফেব্রুয়ারি শুরু না করে শেষদিকে ২৬ ফেব্রুয়ারি শুরু হয়। চলে ১৫ মার্চ পর্যন্ত। তবে এবার ভাষার মাসের বদলে একুশে বইমেলা শুরু হচ্ছে জানুয়ারি মাসে।
মূল প্রতিবেদনে যান ↗