আজকাল ওয়েবডেস্ক: দুর্গাপুজোর সেরাদের সম্মান জানাতে ‘দেবী দুর্গা সম্মান ২০২৬’-এর পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশিত হয়েছে। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশের সহযোগিতায় এই সম্মান দেওয়া হচ্ছে। তালিকায় ‘সেরার সেরা’ বিভাগে প্রথম স্থান পেয়েছে সন্তোষ মিত্র স্কোয়্যার। দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে যথাক্রমে বৃন্দাবন গার্ডেন দুর্গাপুজো সমিতি এবং চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতি।
সেরা প্রতিমা বিভাগে প্রথম হয়েছে মুদিয়ালি ক্লাব। দ্বিতীয় স্থানে তালা বারোয়ারি দুর্গোৎসব সমিতি এবং তৃতীয় স্থানে বেহালা অরুণোদয় সমিতি। চতুর্থ স্থান পেয়েছে আহিরিটোলা সর্বজনীন।
সেরা মণ্ডপ বিভাগে পুরস্কৃত হয়েছে দু'টি পুজো কমিটি। প্রথম স্থানে খিদিরপুরের ২৫ পল্লি ক্লাব এবং দ্বিতীয় স্থানে আমরা ক’জন কল্যাণ সমিতি।
সেরা আলোকসজ্জা বিভাগে প্রথম হয়েছে সন্তোষপুর অ্যাভিনিউ সাউথ। দ্বিতীয় স্থানে বকুলবাগান সর্বজনীন দুর্গোৎসব এবং তৃতীয় স্থানে শিবমন্দির সর্বজনীন দুর্গোৎসব।
পরিবেশবান্ধব পুজোর স্বীকৃতি হিসেবে ‘সেরা পরিবেশবান্ধব’ বিভাগে প্রথম পুরস্কার পেয়েছে নলিন সরকার স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসব। দ্বিতীয় স্থানে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক এবং তৃতীয় স্থানে রাজডাঙা নব উদয় সংঘ।
সামাজিক সচেতনতার বার্তা দেওয়ার জন্য ‘সেরা সমাজ সচেতনতা’ বিভাগে প্রথম হয়েছে কাশী বোস লেন দুর্গাপুজো সমিতি। দ্বিতীয় পুরস্কার পেয়েছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, তৃতীয় স্থানে চক্রবেড়িয়া সর্বজনীন এবং চতুর্থ স্থানে অজেয় সংহতি।
এ ছাড়াও বিশেষ পুরস্কার পেয়েছে চারটি পুজো কমিটি। এই তালিকায় রয়েছে- বি জি লাইনস আবাসিক দুর্গাপুজো কমিটি, শ্যাম স্কোয়ার, ঠাকুরপুকুর স্টেট ব্যাঙ্ক সর্বজনীন (এস বি পার্ক) এবং সমাজসেবী সংঘ।
তথ্য ও সংস্কৃতি দপ্তর প্রকাশিত তালিকা অনুযায়ী, বিভিন্ন বিভাগে মোট ২৩টি পুরস্কার নির্ধারিত হয়েছে। প্রতিমা, মণ্ডপ, আলোকসজ্জা, পরিবেশ সচেতনতা ও সামাজিক বার্তার মতো একাধিক বিভাগে পুজো কমিটিগুলিকে এই সম্মান দেওয়া হয়েছে।
