ফিরেই হ্যাটট্রিক, সঙ্গে একটি অ্যাসিস্ট। অথচ এর আগের কয়েক সপ্তাহ ধরে গোলের দেখা পাচ্ছিলেন না লুইস দিয়াজ। বায়ার্ন মিউনিখের কলম্বিয়ান ফরোয়ার্ডের সেই গোলখরা কাটল আরবি লাইপজিগের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে। আর দিয়াজের এমন প্রত্যাবর্তনের পেছনে বড় ভূমিকা রেখেছে দুই সপ্তাহের বিশ্রাম।
লাইপজিগের বিপক্ষে ম্যাচে তিনটি গোল করেছেন দিয়াজ। পাশাপাশি আলেক্সান্ডার পাভলোভিচের গোলেও অবদান রেখেছেন তিনি। অথচ এই ম্যাচের আগে পর্যন্ত বেশ ভুগছিলেন তিনি। ভালো অবস্থান থেকে সুযোগ নষ্ট করা কিংবা অফসাইডের কারণে গোল বাতিল হওয়ায় হতাশা বাড়ছিল তার। বুন্দেসলিগায় প্রথম চার ম্যাচে ৩.১ প্রত্যাশিত গোলের বিপরীতে তার গোল ছিল মাত্র একটি।
লাইপজিগের বিপক্ষে অবশ্য শুরু থেকেই ছন্দে ছিলেন দিয়াজ। ম্যাচের ১২ মিনিটে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন তিনি। এরপর পাভলোভিচের গোলের আক্রমণেও ভূমিকা রাখেন। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই কলম্বিয়ান।
দিয়াজের এমন প্রত্যাবর্তনের ব্যাখ্যা দিয়েছেন বায়ার্নের ক্রীড়া পরিচালক ম্যাক্স এবার্ল। তার মতে, আন্তর্জাতিক বিরতিতে পাওয়া বিশ্রামই দিয়াজকে সতেজ করে তুলেছে। এবার্ল বলেন, ‘বিশ্রাম তার উপকার করেছে। দুই সপ্তাহের বিরতি তাকে সাহায্য করেছে।’
বায়ার্ন ও কলম্বিয়ার জাতীয় দল মিলে দিয়াজকে আন্তর্জাতিক বিরতিতে দুই সপ্তাহের বিশেষ ছুটি দিয়েছিল। সেই বিরতি শেষে ফিরে এখন আরও সতেজ ও প্রস্তুত মনে হচ্ছে তাকে। কোচ ভিনসেন্ট কোম্পানিও এর আগে দিয়াজকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
এইচজেএস
