প্রকাশিত: ০৯:০২, ১৩ অক্টোবর ২০২৬ আপডেট: ০৯:২৯, ১৩ অক্টোবর ২০২৬
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
সোমবার দিবাগত রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান
চকবাজারের ছোট কাটারা এলাকায় অবস্থিত মনজুর খান প্লাজা মার্কেটের একটি দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগে। এ ঘটনায় হতাহত কিংবা প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত অগ্নিনির্বাপণকর্মী শিহাব সরকার আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, সরু গলি, প্রচণ্ড ধোঁয়া ও পানির স্বল্পতার কারণে সেখানে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। উদ্ধারকাজ ও আগুন নেভানোর সময় অতিরিক্ত ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
এর আগে, সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে চকবাজারের ওই মার্কেটের ষষ্ঠ তলায় একটি দোকানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ইউনিটগুলো আগুন নেভানোর কাজ শুরু করে। শুরুতে তিনটি ইউনিট কাজ শুরু করেছিল। পরে পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১০টি করা হয়।
