ধর্ম যার যার, দেশটা সবার—এই চেতনাকে ধারণ করে আমাদের সবাইকে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি'র দলীয় কার্যালয়ে আয়োজিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩৬টি পূজামণ্ডপে মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ সহায়তা এবং সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রাজনীতির মাধ্যমে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন ও ভালোবাসা তাঁদের অনুপ্রাণিত করেছে উল্লেখ করে তিনি বলেন, যারা মানুষের পাশে থাকবে এবং তাদের উন্নয়ন ও অধিকার রক্ষায় কাজ করবে, জনগণ তাদের সমর্থন দেবে—এটাই গণতান্ত্রিক অধিকার।
ফকির মাহবুব আনাম স্বপন আরও বলেন, দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ, আনন্দমুখর ও সম্প্রীতির পরিবেশে উদ্যাপনের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের সুখে-দুঃখে পাশে থাকা এবং প্রয়োজনীয় সহযোগিতা করা তাঁদের দায়িত্ব।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেন।
ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি ধনবাড়ীর সভাপতি এসএমএ সোবাহান, ধানবাড়ী উপজেলা বিএনপি সম্পাদক এনামুল হক ভিপি । ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, হিন্দু ঐক্যফ্রন্টের সভাপতি নিরঞ্জন চন্দ্র সাহাসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী মধুপুর উপজেলা পরিষদে নবনির্মিত পরিদর্শন কক্ষ উদ্বোধন করেন। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ধনবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।
