রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ পুলিশ ও মৎস্য বিভাগ। এ সময় চার জেলেকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাজবাড়ী সদরের কালিতলা এলাকায় পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা।
আটক জেলেরা হলেন- পাবনার সুজানগর উপজেলার মোহনপুর গ্রামের মৃত লোকমান মণ্ডলের ছেলে জিয়া মন্ডল (৫০) ও আনছার মণ্ডলের ছেলে লিটন মন্ডল (৪০), রাজবাড়ীর কালুখালীর গঙ্গানন্দপুর গ্রামের মোজাহার মণ্ডলের ছেলে খায়রুল মন্ডল (৪৮) এবং পাবনার আমিনপুরের দড়িরচর গ্রামের মৃত খালেক খাঁর ছেলে নিজাম উদ্দিন (৩০)।
জানা গেছে, ফরিদপুর অঞ্চল অফিসের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাজিদ হোসেন ও জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হকের নেতৃত্বে অভিযানে দৌলতদিয়া নৌ পুলিশ, ফরিদপুর অঞ্চল অফিসের পুলিশ সদস্য এবং মৎস্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানের সময় মো. নিজাম উদ্দিন নামের এক জেলেকে এক হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ আটক করা হয়। পরে বিকেলে আরও তিন জেলেকে এক হাজার মিটার কারেন্ট জালসহ আটক করা হয়। এছাড়া নদীতে পরিত্যক্ত অবস্থায় পাওয়া ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আটক চার জেলের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে দুটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, ‘পদ্মা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ। মা ইলিশসহ দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন রক্ষায় নৌ পুলিশ ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করছে। অভিযানে চার জেলেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
