কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে নারীদের আপত্তিকরভাবে উপস্থাপনের বিরুদ্ধে সরব হলেন বলিউড অভিনেত্রী শ্রিয়া শরণ। সম্প্রতি অভিনেত্রী জাহ্নবী কাপুরের বিকৃত এআই ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এবার এআইয়ের এমন অপব্যবহার নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করলেন শ্রিয়া।
সম্প্রতি ‘দেবারা’ সিনেমার ‘চুট্টামাল্লে’ গানে জাহ্নবী কাপুরের উপস্থিতি বিকৃত করে একটি যৌন ইঙ্গিতপূর্ণ ভিডিও তৈরি করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পরে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় জাহ্নবী নিজেই তীব্র প্রতিবাদ জানান। তাঁর পাশে দাঁড়ান জুনিয়র এনটিআর, চিরঞ্জীবী, বিজয় দেবেরাকোন্ডা ও খুশবু সুন্দরসহ একাধিক তারকা।
নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রিয়া জানান, তিনিও এআইয়ের অপব্যবহারের শিকার হয়েছেন। তাঁর ছবি বিকৃত করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে অভিনেত্রী বলেন, ‘কখনো কখনো ব্যাপারটা এমন হয়ে দাঁড়ায় যে, ছবিতে আদৌ আমি কি না, সেটাই বুঝতে পারি না। শরীরের বিভিন্ন অংশের আকার বদলে দেওয়া হয়, পরনে থাকা পোশাকও সরিয়ে দেওয়া হয়। বিষয়গুলোকে কখনো কখনো হালকাভাবে নিতে হয়। কিন্তু তার পরও বলব, এটা বিরক্তিকর এবং মোটেও ঠিক নয়।’
এআইয়ের ইতিবাচক দিকের কথা স্বীকার করেও এর অপব্যবহার নিয়ে সতর্ক করেছেন শ্রিয়া। তাঁর কথায়, ‘এআই আমাদের অনেক কিছু দিতে পারে, অনেক কাজে সাহায্য করতে পারে। আবার এই প্রযুক্তি দিয়ে এমন কিছু পরিবর্তনও ঘটানো সম্ভব, যা বিপজ্জনক হয়ে উঠতে পারে। আসলে প্রতিটি প্রযুক্তির ক্ষেত্রেই বিষয়টি প্রযোজ্য। সময়ের সঙ্গে আমাদের হয় এর সঙ্গে মানিয়ে নিতে হবে, নয়তো এর মোকাবিলা করার উপায় খুঁজতে হবে।’
এর আগে জাহ্নবীর বিকৃত ভিডিও নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী জানিয়েছিলেন, নারীদের আপত্তিকরভাবে উপস্থাপন করতে এআইয়ের এমন ব্যবহার অপরাধমূলক। তাঁর কাছে বিষয়টি ছিল অত্যন্ত অপমানজনক এবং যৌন নিপীড়নের কাছাকাছি। দীর্ঘ বিবৃতিতে তিনি আরও বলেন, একজন নারী হিসেবে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিনিয়ত যে সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়, এই ঘটনা তারই প্রতিফলন।
এদিকে শ্রিয়া শরণকে সর্বশেষ দেখা গেছে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ সিনেমায়। ছবিতে অজয় দেবগন, ইশিতা দত্ত ও টাবুও নিজেদের আগের চরিত্রে ফিরেছেন। নতুন সংযোজন হিসেবে রয়েছেন জয়দীপ আহলাওয়াত। দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে ছবিটি।
সিনেমাটিতে বিজয় সালগাঁওকরের চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন। পরিবারের সদস্যদের রক্ষা করতে গিয়ে যিনি বরাবরই পুলিশের এক ধাপ এগিয়ে থেকেছেন। তবে শেষ অধ্যায়ে অতীতের ঘটনা নতুন করে সামনে আসতে থাকে। উঠে আসে এমন কিছু প্রমাণ, যা সালগাঁওকর পরিবারের এত দিনের গোপন সত্য প্রকাশ করে দিতে পারে।
ছবিটি দেখে প্রশংসা করেছেন অভিনেতা মোহনলালও। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ দেখে তিনি মুগ্ধ হয়েছেন। এত জনপ্রিয় একটি গল্পের যাত্রাকে উপযুক্ত পরিণতি দেওয়ার জন্য পরিচালক অভিষেক পাঠক, কুমার মঙ্গত পাঠক, অজয় দেবগন এবং পুরো অভিনয় ও নির্মাণ দলের প্রশংসা করেন তিনি।
বক্স অফিসেও সাফল্যের মুখ দেখেছে ‘দৃশ্যম ৩’। মুক্তির মাত্র ১১ দিনে বিশ্বজুড়ে ৪৯০ কোটি রুপির বেশি আয় করে ছবিটি অজয় দেবগনের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে উঠে এসেছে।
