জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর এলাকায় স্কুলছাত্র মাহফুজুর রহমানকে হত্যার মামলায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেই আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম জানান।
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই আব্দুল ওহিদ গত ১৩ অক্টোবর নাসির উদ্দিন সাথীকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত তখন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করে দিয়েছিল। সে অনুযায়ী সাথীকে এদিন আদালতে হাজির করা হয়। শুনানিতে তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মো. কামরুজ্জামান স্বপনও আবেদনের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, আসামি মাই টিভির চেয়ারম্যান এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। আন্দোলনের সময় নিজের টিভি চ্যানেলে আন্দোলনের খবর তুলে না ধরে অন্য বিষয় তুলে ধরেন। এই আসামি ঘটনার সঙ্গে জড়িত মর্মে তদন্তে উঠে এসেছে।