কালবেলা · সাধারণ
পূজা দেখে বাড়ি ফেরার পথে ডাকাতি, স্বর্ণালংকার-মোবাইল লুট
২১/১০/২০২৬

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পূজামণ্ডপ দর্শন শেষে বাড়ি ফেরার পথে নির্জন সড়কে ডাকাতদলের কবলে পড়েছেন সনাতন ধর্মাবলম্বী চার নারীসহ কয়েকটি যানবাহনের যাত্রীরা। সড়কে গাছের ডাল ফেলে গতিরোধ করে ভুক্তভোগীদের জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও স্মার্টফোন ছিনিয়ে নিয়েছে মুখোশধারী সশস্ত্র ডাকাত দল।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালীতলা বিষিনতা মাঠসংলগ্ন সড়কে এ ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ৫ থেকে ছয়জনের একটি দেশীয় অস্ত্রধারী ও মুখোশ পরা দুর্বৃত্ত দল নির্জন সড়কের ওপর গাছের ডাল ফেলে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে। এ সময় পূজামণ্ডপ থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন চার নারী। ডাকাত দল ভ্যানটির গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে ওই নারীদের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। একই সময়ে ওই পথ দিয়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে যাত্রীদের কাছ থেকে একাধিক স্মার্টফোন ও নগদ টাকা লুট করা হয়।
ওই সড়ক দিয়ে যাওয়ার সময় এক মোটরসাইকেল চালক দূর থেকে ডাকাতির বিষয়টি টের পেয়ে দ্রুত পেছনের একটি মোড়ে গিয়ে স্থানীয় লোকজনকে খবর দেন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে ঘটনাস্থলে ছুটে এলে মানুষের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে ডাকাত দল।
ছাতিয়ান ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়কে গাছ ফেলে ডাকাতির খবর পেয়ে আমরা ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটি। পরে পুলিশও আসে। তবে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাত দলের সদস্যরা মালামাল লুট করে পালিয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, সড়কটি নির্জন হওয়ার সুযোগ নিয়ে আগেও একাধিকবার সেখানে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতেও একই কৌশলে ডাকাতি চালানো হলো। এতে ওই এলাকার সাধারণ মানুষের চলাচলে চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সড়কে গাছ ফেলে ডাকাতি ও ছিনতাইয়ের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ টিম পাঠানো হয়। তবে পুলিশ ও স্থানীয়রা পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা কেটে পড়ে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশের অভিযান শুরু হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗