বগুড়ার ঐতিহাসিক সাতমাথা এলাকায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে টেম্পল রোড হয়ে ফতেহ আলী বাজারের দিকে যাওয়ার ঘটনায় রাদিয়াদ হুসাইন ওরফে বর্ণকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার ভোরে গাবতলী উপজেলার কামারচট্র এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বর্ণ গাবতলী উপজেলার কামারচট্র এলাকার মৃত শাহিনুর প্রামাণিকের ছেলে।
পুলিশ জানিয়েছে, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গাবতলী উপজেলা শাখার ছাত্রবিষয়ক সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি বগুড়া শহরের ঐতিহাসিক সাতমাথাসহ বিভিন্ন এলাকায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে হেঁটে টেম্পল রোড হয়ে ফতেহ আলী বাজারের দিকে যান বর্ণ। পরে ছবি দেখে তার পরিচয় শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, বর্ণের বিরুদ্ধে বগুড়া সদর ও গাবতলী থানায় অস্ত্র আইন, বিস্ফোরক দ্রব্য আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার কয়েকটিতে তিনি এজাহারভুক্ত আসামি, আবার কয়েকটিতে তদন্তে তার নাম সন্দেহভাজন হিসেবে উল্লেখ রয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৭ জানুয়ারি গাবতলী থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়। এছাড়া ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি বগুড়া সদর থানায় অস্ত্র আইনে, একই বছরের ৩০ সেপ্টেম্বর গাবতলী থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় এবং ২০২৫ সালের ২৬ মে বগুড়া সদর থানায় একই ধরনের আইনে আরও একটি মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট একটি মামলায় গ্রেপ্তার হয়ে বর্ণ কারাগারে ছিলেন বলে জানা গেছে। বার্মিজ চাকুসহ তাকে গ্রেপ্তারের তথ্যও রয়েছে।
