গালাতাসারাইয়ের খেলার ধরন ও খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার ভাবনায় এই সিদ্ধান্ত নেওয়ার কথা বললেন বার্সেলোনা কোচ।
Published : 14 Oct 2026, 06:42 PM
Updated : 14 Oct 2026, 06:42 PM
গাব্রিয়েল জেসুসকে বাইরে রেখে কেন দানি ওলমোকে সামনে রেখে একাদশ সাজালেন হান্সি ফ্লিক? এর ব্যাখ্যা নিজেই দিয়েছেন বার্সেলোনা কোচ। বলেছেন, গালাতাসারাইয়ের খেলার ধরন ও খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার ভাবনা এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে।
গালাতাসারাইয়ের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মঙ্গলবার রাতে ৪-১ গোলে জিতেছে বার্সেলোনা।
বেত্রাকফের গোলে পিছিয়ে পড়ার পর, প্রথমার্ধেই সমতা টানেন জুয়াও কান্সেলো। দ্বিতীয়ার্ধে একে একে জালের দেখা পান ফের্মিন লোপেস, অ্যান্থনি গর্ডন ও কারিম আডেইয়েমি। গোল না পেলেও ডি বক্সে বেশ ভীতি ছড়ান ওলমো।
জেসুসের জায়গায় ওলমোকে খেলানোর ব্যাখ্যা ম্যাচের আগেই দেন ফ্লিক।
“আগের ম্যাচগুলো দেখে, আমরা জানি ওরা আমাদের চাপে ফেলতে যাচ্ছে। আমাদের বল পায়ে রেখে তাদের নিয়স্ত্রণ করতে হবে।
“সে কারণেই আমি দানিকে নয় নম্বর হিসেবে নামাচ্ছি। সে বলও নিয়ন্ত্রণ করতে পারে, মূল ব্যাপার এটাই। পাশাপাশি ওদের খেলার সময়টাও আমাদের সামলাতে হবে। পরের ম্যাচ আগামী শনিবার, তাই সময়টা অবশ্যই সামলাতে হবে।”
পিছিয়ে পড়ার পরও বড় জয় পাওয়ায় খুশি ফ্লিক। তবে ম্যাচ শেষে মুভিস্টারের সঙ্গে আলাপচারিতায় ফিনিশিংয়ে ঘাটতির সমালোচনা করলেন বার্সেলোনা কোচ।
“ফল নিয়ে আমি খুব খুশি। আমরা প্রথমার্ধেও ভালো খেলেছি। তারা একটা সুযোগই পেয়েছিল, সেটাতেই গোল করে। আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি আর এটা খুব গুরুত্বপূর্ণ ছিল।
“আমি মনে করি, চ্যাম্পিয়ন্স লিগে যখন আমরা ভালো খেলি তখনও কিছু কিছু পরিস্থিতিতে আমরা প্রতিপক্ষের রক্ষণে ভালো সিদ্ধান্ত নিতে পারি না। আমাদের এখানে উন্নতি করতে হবে। এই স্টেডিয়ামে, এই আবহে, এটা সহজ ছিল না, তবে আমি খুব খুশি।”
