রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মীর কাজ দেওয়ার প্রলোভনে ফ্ল্যাটে ডেকে নিয়ে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রাসেল ওরফে নাগ রাসেলকে (২০) গ্রেপ্তার করেছে এসআরবি-২। গত রবিবার মধ্যরাতে মোহাম্মদপুরে বসিলা হাউজিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-২ এর উপ-পরিচালক মেজর এম মুবীন রহমান তাপস জানান, গত ৩ অক্টোবর রাতে মোহাম্মদপুর থানার মোহাম্মদীয়া হাউজিং লিমিটেড এলাকার একটি ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ দেওয়ার কথা বলে ২৪ বছর বয়সী এক তরুণীকে ডেকে নেওয়া হয়। সেখানে দুই তরুণের বিরুদ্ধে তাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলায় রনি শেখ (২৯) ও রাসেল ওরফে নাগ রাসেলকে যথাক্রমে এক ও দুই নম্বর আসামি করা হয়েছে।
এ ছাড়া তাদের সহযোগী আরও তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। রাসেল ঘটনার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
