বিনোদন ডেস্ক
বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিত। নব্বইয়ের দশকে তার রূপ ও অভিনয়ে মুগ্ধ ছিলেন কোটি কোটি ভক্ত।
ক্যারিয়ারের মধ্যগগনে থাকতেই যুক্তরাষ্ট্রপ্রবাসী হৃদরোগ বিশেষজ্ঞ শ্রীরাম নেনেকে বিয়ে করে নতুন জীবনে পা রাখেন এই অভিনেত্রী। তার সেই সিদ্ধান্তে মন ভেঙেছিল অসংখ্য অনুরাগীর।
এবার এত বছর পর সেই বিয়ে নিয়ে মজার ছলে মুখ খুললেন মাধুরী।
সম্প্রতি মারাঠি সংস্করণের ‘কৌন বনেগা কোটিপতি’র গ্র্যান্ড প্রিমিয়ার পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন অভিনেত্রী সোনালী বেন্দ্রে।
অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে থাকা মাধুরীর সঙ্গে আলাপচারিতার একপর্যায়ে পুরোনো স্মৃতি মনে করিয়ে দেন তিনি।
সোনালী বলেন, ‘আপনার বিয়ের সময় বিশ্বজুড়ে কত শত মানুষের যে মন ভেঙেচুরে গিয়েছিল, তার হিসাব নেই!’
সোনালীর কথা শুনে হেসে ওঠেন মাধুরী।
এরপর নিজের স্বামীর পেশার সঙ্গে মিলিয়ে রসিকতা করে জবাব দেন, ‘সেই কারণেই তো আমি এমন একজনকে বিয়ে করেছি, যে ভাঙা হৃদয় জোড়া লাগাতে পারে!’
স্বামী শ্রীরাম নেনে হৃদরোগ বিশেষজ্ঞ, এই বিষয়টি ঘিরে মাধুরীর এমন বুদ্ধিদীপ্ত মন্তব্যে হেসে ওঠেন অনুষ্ঠানের দর্শকরা। হাস্যরসের মধ্য দিয়ে স্বামীকে বেছে নেওয়ার প্রসঙ্গটি তুলে ধরেন এই অভিনেত্রী।
১৯৯৯ সালে শ্রীরাম নেনেকে বিয়ের পর মুম্বাইয়ের ঝলমলে তারকাজীবন ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মাধুরী। সেখানে স্বামী ও দুই সন্তান আরিন এবং রায়ানকে নিয়ে সংসার শুরু করেন তিনি। তবে দীর্ঘ বিরতির পর আবারও বলিউডে ফেরেন এই অভিনেত্রী।
২০০৭ সালে ‘আজা নাচলে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় প্রত্যাবর্তন করেন তিনি। ফিরে এসে অভিনয় ও নাচের জাদুতে আবারও দর্শকের মন জয় করেন মাধুরী। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার জনপ্রিয় গান ‘ঘাগরা’য় তার নাচ যেমন প্রশংসিত হয়, তেমনি ‘দেড় ইশকিয়া’ ও ‘গুলাব গ্যাং’-এর মতো সিনেমায় অভিনয় দিয়েও নজর কাড়েন তিনি।
পরবর্তী সময়ে ‘টোটাল ধামাল’ ও ‘কলঙ্ক’-এর মতো হিন্দি সিনেমার পাশাপাশি মারাঠি সিনেমা ‘বাকেট লিস্ট’ এবং ‘মাজা মা’তেও অভিনয় করেন মাধুরী। সম্প্রতি ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমায় তার উপস্থিতিও দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছে।
শুধু বড় পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্মেও নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন মাধুরী। ‘দ্য ফেম গেম’ সিরিজে রহস্যময়ী অভিনেত্রীর চরিত্রে অভিনয়ের পর ‘মিসেস দেশপান্ডে’তে নেতিবাচক চরিত্রে দেখা গেছে তাকে।
