ঢাকা: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া, সিয়ামের অবৈধভাবে অর্জিত ৩১ লাখ ৮১ হাজার টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার বিভাগীয় বিশেষ জজ বি এম তারিকুল কবীরের আদালত এ রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী ও সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
পিএসসির প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত সাবেক চেয়ারম্যানের গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম একসময় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। তবে ২০২৪ সালের জুলাইয়ে প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগ ওঠার পর তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়।
সিয়ামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
পরবর্তী সময়ে তদন্ত শেষে একই কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দাখিল করেন, যেখানে সিয়ামের ৩১ লাখ ৮১ হাজার টাকার অসঙ্গতিপূর্ণ স্থাবর-অস্থাবর সম্পদের প্রমাণ পাওয়া যায়। এর পর গত ১৭ জুন সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কাজ শুরু করেন আদালত এবং মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় দেওয়া হয়।
