লেবানন সীমান্তবর্তী উত্তর ইসরাইলের একটি এলাকায় বিস্ফোরণে একজন নিহত এবং অন্তত ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবিস্ফোরিত কোনো বোমা বা পুরোনো গোলাবারুদ থেকে এ বিস্ফোরণ ঘটেছে।
বিজ্ঞাপন
টাইমস অব ইসরাইল প্রতিবেদন অনুযায়ী, রামিম রিজ এলাকার ইয়িফতাহে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে আশপাশে থাকা বেশ কয়েকজন হতাহত হন। পরে ইসরাইলি পুলিশ জানায়, উত্তরাঞ্চলের ওই বিস্ফোরণের পেছনে অবিস্ফোরিত কোনো বোমা থাকতে পারে।
ঘটনাটিকে গুরুতর হিসেবে বর্ণনা করে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আহতদের উদ্ধারে ইসরাইলি সেনাবাহিনী সহায়তা করেছে। তাদের দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার পাশাপাশি চিকিৎসার ব্যবস্থাও করা হয়।
এদিকে, গ্যালিলি অঞ্চলের কিবুতজ নেয়োত মর্দেখাইয়ের কাছের একটি খোলা জায়গায় বিস্ফোরণে প্রায় ২০ জন ভ্রমণকারী আহত হওয়ার খবরও প্রকাশ করেছে ইসরাইলি সংবাদমাধ্যম। আহতদের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।
উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য ঘটনাস্থলে সামরিক হেলিকপ্টার এবং ইসরাইলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদোমের কর্মীদের পাঠানো হয়।
প্রাথমিক তদন্তে পুরোনো অবিস্ফোরিত গোলাবারুদকে বিস্ফোরণের সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে ঠিক কীভাবে বিস্ফোরণটি ঘটেছে, তা নিশ্চিত হতে তদন্ত চালিয়ে যাচ্ছিল নিরাপত্তা বাহিনী।
সূত্র: টাইমস অব ইসরাইল
এআরবি
