মারা গেছেন ‘ব্রেকিং ব্যাড’ অভিনেতা আরজে মিটে
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর অভিনেতা আর জে মিটে মারা গেছেন। ৩৪ বছর বয়সী এই অভিনেতার মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিলে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি।
‘ব্রেকিং ব্যাড’ সিরিজে মাদক সম্রাট ওয়াল্টার হোয়াইটের ছেলে ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করে পরিচিতি পান মিটে। সেরিব্রাল পালসি নিয়ে জীবনযাপন করা এই অভিনেতা নিজের শারীরিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চরিত্রটিকে বাস্তবসম্মতভাবে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন।
মিটের প্রতিনিধি শন রেইলি বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন। বিবৃতিতে তাঁকে প্রিয় অভিনেতা, সমাজসেবী ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের পক্ষে সোচ্চার কর্মী হিসেবে উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, মিটে নিজের পরিচিতিকে কাজে লাগিয়ে প্রতিবন্ধিতা সম্পর্কে সচেতনতা বাড়িয়েছেন। একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে প্রচলিত ভুল ধারণা ভাঙা এবং বিনোদনজগতে তাঁদের প্রতিনিধিত্ব বাড়াতে কাজ করেছেন।
মিটে ইউনাইটেড সেরিব্রাল পালসি ও শ্রাইনার্স চিলড্রেনসের দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া সমাজসেবামূলক উদ্যোগ ও জনকল্যাণমূলক কার্যক্রমে সহায়তার জন্য তিনি ‘দ্য মিটে ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন।
ব্রাউনসভিল পুলিশ বিভাগ বিবিসিকে জানিয়েছে, মিটের মৃত্যুর কারণ এখনো নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে তদন্ত চলছে। তবে তাঁর মৃত্যুর ঘটনায় অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
অ্যাসোসিয়েটেড প্রেসকে ক্যামেরন কাউন্টির জাস্টিস অব দ্য পিস সিন্ডি হিনোজোসা জানান, গত ১২ অক্টোবর মিটেকে মৃত ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে, নিজ বাড়িতেই তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মিটের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ‘ব্রেকিং ব্যাড’-এর সহঅভিনেতা অ্যারন পল। ‘দ্য হলিউড রিপোর্টার’কে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, মিটের মৃত্যুতে তিনি বাক্রুদ্ধ ও গভীরভাবে মর্মাহত। তিনি আরও বলেন, ‘আর জে, বন্ধু, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ভীষণ মিস করব।’
আরেক সহঅভিনেতা ডিন নরিসও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন। তিনি লেখেন, মিটে পর্দায় তাঁর ছেলের চরিত্রে অভিনয় করলেও শুটিংয়ের সময় তিনি সব সময় তরুণ অভিনেতাটিকে আগলে রাখতেন। মিটেকে অসাধারণ মনের একজন তরুণ উল্লেখ করে তিনি বলেন, তাঁকে ভীষণভাবে মিস করা হবে।
‘ব্রেকিং ব্যাড’ সিরিজে অভিনয়ের জন্য ২০১৪ সালে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড পান মিটে। এ ছাড়া তিনি ‘হান্না মন্টানা’, ‘সুইচড অ্যাট বার্থ’ ও ‘ওয়েস্টহ্যাম্পটন’সহ বিভিন্ন টেলিভিশন প্রযোজনায় কাজ করেছেন। চলতি বছর মুক্তি পাওয়া ‘টকিং টু স্ট্রেঞ্জার্স’ ছিল তাঁর সর্বশেষ কাজগুলোর একটি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
