সভায় ব্যাংকের এমডি মো. রাফাত উল্লা খান বলেন, ‘সিটিজেনস চার্টার যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে গ্রাহকসেবার মানোন্নয়ন ও ব্যাংকের কার্যক্রমে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব।’
স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহকসেবার মানোন্নয়নে সিটিজেনস চার্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ চার্টার যথাযথভাবে প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে গ্রাহকসেবার মান বাড়াতে কাজ করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। সম্প্রতি ব্যাংকের মতিঝিল শাখায় ‘সিটিজেনস চার্টার বিষয়ে সচেতনতা ও অবহিতকরণ সভা-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাফাত উল্লা খান এ কথা বলেন। এ সময় তিনি প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল, অংশীজনদের সহযোগিতা ও শতভাগ শরিয়াহ পরিপালনের মাধ্যমে ব্যাংকটিকে ইসলামী ব্যাংক খাতের অগ্রণী প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় গ্রাহকসহ বিভিন্ন অংশীজন অংশ নেন। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় ব্যাংকের এমডি মো. রাফাত উল্লা খান বলেন, ‘সিটিজেনস চার্টার যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে গ্রাহকসেবার মানোন্নয়ন ও ব্যাংকের কার্যক্রমে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব।’ প্রযুক্তির ব্যবহার ও দক্ষ জনবলের পাশাপাশি অংশীজনদের সহযোগিতায় ব্যাংকটির সেবা আরো উন্নত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী। তিনি গ্রাহকদের সিটিজেনস চার্টার সম্পর্কে অবহিত করার পাশাপাশি ব্যাংকের বিভিন্ন বিদ্যমান সেবা তুলে ধরেন।
সভায় গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন আরআর স্টিলের চেয়ারম্যান ডা. সুমন চৌধুরী। তিনি বিনিয়োগের মুনাফার হার হ্রাসসহ গ্রাহকদের বিভিন্ন দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
সভায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মঞ্জুরুল আলম; সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিজিএম আসাদুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অংশীজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতিঝিল শাখার ব্যবস্থাপক ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শরীফ চৌধুরী।
