মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বাসের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বরংগাইল বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় জনতা মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ করে দেন।
নিহতরা হলেন ঘিওর উপজেলার মৌহালী গ্রামের ইয়াসিন (২১) ও বাবুল (২৮)। এ ঘটনায় আহত হয়েছেন মো. শাহান (৫০) ও তার স্ত্রী রোজিনা আক্তার। তাদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান , ঘিওর উপজেলার মৌহালী থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি ইজিবাইক ঢাকা-আরিচা মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে পাটুরিয়াগামী সেলফি পরিবহনের একটি দ্রুতগতির বাস ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী ইয়াসিন নিহত হন। গুরুতর আহত বাবুলকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা গেলেও বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ করে দেন। তাদের অভিযোগ, এর আগেও ঘিওরের পুখুরিয়ায় সেলফি পরিবহনের বেপরোয়া চালনার কারণে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর পরিবহনটির পারমিট বাতিলসহ বিভিন্ন দাবিতে মানিকগঞ্জের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছিল।
এদিকে ঢাকা আরিচা মহাসড়কে সেলফি পরিবহন সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিবালয় থানা ওসি মো আমিনুল ইসলাম। তিনি বলেন, জেলা প্রশাসক মহোদয় এ সিদ্ধান্ত জানিয়েছেন বলে জেনেছি।
