জামালপুরের দেওয়ানগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে এক মক্তবশিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডিদ মুছা মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হরিচণ্ডী গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
আজ রোববার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, দেওয়ানগঞ্জ উপজেলার এক জামে মসজিদে শিশুদের ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য মক্তব পরিচালিত হতো। ওই মক্তবের শিক্ষক ছিলেন মুছা মিয়া।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালের ২৮ নভেম্বর মক্তবের পাঠ শেষে অন্য শিক্ষার্থীদের ছুটি দেন মুছা মিয়া। তবে ১৫ বছর বয়সী এক শিক্ষার্থীকে পরে বাড়ি যেতে বলেন তিনি। একপর্যায়ে মসজিদের ভেতরে ওই শিক্ষার্থীকে তিনি ধর্ষণ করেন।
এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় ধর্ষণ মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রোববার আসামির উপস্থিতিতে আদালত এ রায় দেন।
