ছবি: সংগৃহীত
-->নিজের লিঙ্গপরিচয় ও জেন্ডার-অ্যাফার্মিং অস্ত্রোপচারের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন হলিউড অভিনেত্রী ও মডেল হান্টার শেফার। ‘ইউফোরিয়া’ সিরিজের এই তারকা জানিয়েছেন, নিজের শরীর নিয়ে নেওয়া সিদ্ধান্তে তিনি সন্তুষ্ট। ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে প্রকাশ্যে কথা বলতেও তার আপত্তি নেই।
সম্প্রতি ‘এলে’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে হান্টার জানান, জেন্ডার-অ্যাফার্মিং অস্ত্রোপচারের অভিজ্ঞতা তার জন্য ইতিবাচক ছিল। নিজের শরীর, পরিচয় ও অনুভূতি নিয়ে দীর্ঘদিন ভেবেছেন তিনি। একপর্যায়ে নিজের চাওয়া ও উপলব্ধিকে গুরুত্ব দিয়ে চিকিৎসার সিদ্ধান্ত নেন। তার ভাষায়, ‘আমি একজন নারী। আমি একজন মেয়ে।’ নিজের পরিচয় সম্পর্কে এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি ব্যক্তিগত অনুভূতি ও আত্মপরিচয়ের গুরুত্ব তুলে ধরেছেন।
হান্টার শেফার একজন আমেরিকান অভিনেত্রী, মডেল ও শিল্পী। ২০১৬ সালে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের জন্য প্রযোজ্য বাথরুম ব্যবহারের বিধিনিষেধের বিরুদ্ধে আইনি উদ্যোগে যুক্ত হয়ে আলোচনায় আসেন তিনি। পরবর্তী সময়ে অধিকারকর্মী হিসেবেও পরিচিতি পান। শুরুতে পোশাক নকশা ও শিল্পচর্চার প্রতি আগ্রহী ছিলেন হান্টার। পরে মডেলিংয়ের মাধ্যমে ফ্যাশনজগতে কাজ শুরু করেন। ২০১৯ সালে এইচবিওর জনপ্রিয় সিরিজ ‘ইউফোরিয়া’য় জুলস ভনের চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি অর্জন করেন। চরিত্রটি তার অভিনয়জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর পর ‘দ্য হাঙ্গার গেমস: দ্য ব্যালাড অব সংবার্ডস অ্যান্ড স্নেকস’সহ বিভিন্ন চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি ট্রান্সজেন্ডার মানুষের অধিকার নিয়েও সোচ্চার হান্টার। তবে নিজের লিঙ্গপরিচয় যেন তার শিল্পীসত্তার একমাত্র পরিচয় হয়ে না থাকে, সেটিও চান তিনি। তার সাম্প্রতিক বক্তব্য আবারও সামনে এনেছে আত্মপরিচয়, শরীর নিয়ে ব্যক্তিগত সিদ্ধান্ত এবং নিজের মতো করে বেঁচে থাকার স্বাধীনতার প্রশ্ন।
