কেবল টিকটকই নয়, ‘মাস্ক’ প্রামাণ্যচিত্রটির প্রচারণামূলক বিজ্ঞাপন নিয়ে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম, যেমন মেটা ও ইউটিউবের সঙ্গেও জটিলতা তৈরি হয়েছিল।
বিতর্কিত প্রামাণ্যচিত্র ‘মাস্ক’-এর বিজ্ঞাপনী অ্যাকাউন্ট ভুলবশত নিষিদ্ধ করা হয়েছিল জানিয়ে তা পুনরায় সচল করার কথা বলেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক।
যুক্তরাষ্ট্রে বড় পরিসরে মুক্তির আগেই ‘মাস্ক’ প্রামাণ্যচিত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক এমন সংবাদ প্রকাশের পর বিবৃতিতে টিকটক ইউএস-এর একজন মুখপাত্র বলেছেন, নিষেধাজ্ঞাটি ভুলবশত দেওয়া হয়েছিল।
বিজ্ঞাপনী অ্যাকাউন্টটি পুনরায় চালু করা হয়েছে যেন তারা নিয়ম মেনে আবার পোস্ট করতে পারে।
বিজ্ঞাপনগুলোকে টিকটকের নিজস্ব নীতিমালা মেনে চলতে হবে এই শর্তে ‘ব্লিকার স্ট্রিট’-এর অ্যাড অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় করা হয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়।
মার্কিন ধনকুবের ইলন মাস্ককে কেন্দ্র করে নির্মিত প্রায় চার ঘণ্টার প্রামাণ্যচিত্র ‘মাস্ক’ নিয়ে বিতর্ক এখনো চলছে। বিষয়টি প্রথম সামনে আসে বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম হলিউড রিপোর্টারের প্রতিবেদনে।
প্রতিবেদন অনুসারে, নিষেধাজ্ঞার ব্যাখ্যায় টিকটক বলেছিল, প্ল্যাটফর্মটির নীতিমালা লঙ্ঘন করে এমন ‘রাজনৈতিক কনটেন্ট বারবার প্রকাশের প্রবণতা’ দেখা গেছে ওই অ্যাকাউন্টে।
তবে পরবর্তীতে সেটাকে ভুল স্বীকার করে অ্যাকাউন্টটি ফের চালু করেছে টিকটক।
৯ অক্টোবর অ্যালেক্স গিবনি পরিচালিত ও ‘ব্লিকার স্ট্রিট’ পরিবেশিত প্রামাণ্যচিত্র ‘মাস্ক’ নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের চারটি প্রেক্ষাগৃহে সীমিত পরিসরে মুক্তি পায়।
মুক্তির প্রথম সপ্তাহে প্রায় ৭০ হাজার ডলার আয় করার পর ১৬ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের আরও অনেক প্রেক্ষাগৃহে ছবিটির প্রদর্শনী বাড়ানো হয়।
প্রেক্ষাগৃহে বড় পরিসরে প্রচারের ঠিক মুখেই প্রামাণ্যচিত্রটির প্রচারণামূলক অ্যাকাউন্ট ‘স্থায়ীভাবে স্থগিত’ করার পদক্ষেপ নিয়েছিল টিকটক।
ব্লিকার স্ট্রিট বলেছিল, তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে ও নিষেধাজ্ঞাটি প্রত্যাহারের চেষ্টা চালাবে।
কেবল টিকটকই নয়, ‘মাস্ক’ প্রামাণ্যচিত্রটির প্রচারণামূলক বিজ্ঞাপন নিয়ে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম, যেমন মেটা ও ইউটিউবের সঙ্গেও জটিলতা তৈরি হয়েছিল।
শেষ পর্যন্ত এই প্ল্যাটফর্মদুটি ট্রেইলার ও বিজ্ঞাপন প্রচারের অনুমতি দিয়েছে।
মেটার এক মুখপাত্র বলেছেন, প্রাথমিক সাময়িক নিষেধাজ্ঞাটি ‘একটি ভুল’ ছিল। অন্যদিকে, ইউটিউব বিবৃতিতে বলেছে, বিজ্ঞাপনটি ‘প্রচারের ছাড়পত্র দেওয়া হয়েছে’।
এদিকে, খোদ মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স আগেই প্রামাণ্যচিত্রটির ট্রেইলার প্রচারে অস্বীকৃতি জানিয়েছিল বলে হলিউড রিপোর্টারের আগের প্রতিবেদনে বলা হয়েছিল।
