বাসন মাজার সহজ টোটকাছবি: আইস্টক
Published on
:
2 min read
পুজোতেও বাড়ির কাজ থেকে ছুটি মিলছে না। রান্না করা-বাসন মাজা লেগেই রয়েছে। কিন্তু উৎসবের আমেজে দীর্ঘক্ষণ রান্নাঘরে কাটাতে কার ভালো লাগে? ঘণ্টার পর ঘণ্টা বাসন মাজার ইচ্ছে কারও হয় না। কিন্তু এঁটো বাসনে লেগে থাকে তেল, কড়াইয়ের নীচে পোড়া দাগ, চামচে আঁশটে গন্ধ— এগুলো কি চটজলদি দূর করা সম্ভব? আলবাত সম্ভব। পুজোর দিনে বাসন মাজতে গিয়ে সময় নষ্ট করতে না চাইলে কাজে লাগান এই ৩ টোটকা।
বেকিং সোডা
অনেক সময়ে বাসনের গায়ে গাঢ় খয়েরি দাগ পড়ে যায়। কিংবা রান্না করতে গিয়ে কড়াই পুড়ে যায়। সময় ও শ্রম বাঁচাতে এমন বাসন মেজে নিন বেকিং সোডা দিয়ে। ছোট বালতিতে গরম জল নিন। তাতে ২-৩ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। এর মধ্যে সমস্ত বাসন ঘণ্টা দুয়েক চুবিয়ে রাখুন। তারপরে বাসনগুলো তুলে নিয়ে বাসন মাজার সাবান দিয়ে মেজে নিলেই কাজ শেষ। বিনা ঝক্কিতে বাসন একদম চকচকে হয়ে উঠবে।
ভিনিগার
বাসন থেকে আঁশটে গন্ধ ছাড়ছে? এখন লেবু ঘষে বাসন মাজার সময় নেই? এরও চটজলদি সমাধান রয়েছে। একটি বোতলে এক চতুর্থাংশ ভিনিগার এবং বাকিটা গরম জল ভরে নিন। এই মিশ্রণটি বাসনের উপর স্প্রে করুন। প্রয়োজনে এই মিশ্রণে বাসনগুলো ভিজিয়েও রাখতে পারেন। আধ ঘণ্টা পরে সাবান দিয়ে মেজে শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই হবে। সমস্ত দুর্গন্ধ, তেলচিটে ভাব এক নিমেষে দূর হয়ে যাবে। ঘষাঘষি করার কোনও ঝামেলাই পোহাতে হবে না।
গরম জল
হাতের সামনে বেকিং সোডা বা ভিনিগার কিছুই নেই? এর সহজ সমাধান হলো গরম জল। বাসনের তেলচিটে ভাব এবং পোড়া দাগ, দুটোই তুলে দেবে গরম জল। একটি বড় সসপ্যানে জল গরম বসান। জল ফুটতে শুরু করলে তার মধ্যে ছোট ছোট বাসনগুলো দিয়ে দিন। গ্যাস বন্ধ করে ওই অবস্থায় আধ ঘণ্টা রেখে দিন। তারপরে বাসন মেজে নিলে আর কোনও তেল-গন্ধ থাকবে না। বড় বাসন হলে তার উপর গরম জল ঢেলে রেখে দিতে পারেন। কিংবা এমন পাত্রে গরম জল নিন, যার মধ্যে সমস্ত বাসন চুবিয়ে রাখা যাবে। এতে কাজ সহজ হবে। আর সমস্ত বাসন একসঙ্গে মাজবেন না। যখন যে বাসনটা নোংরা হচ্ছে, সেটা সঙ্গে সঙ্গে মেজে নিন। এতে কাজ দ্রুত শেষ হয়ে যাবে।
FAQ
১. পোড়া কড়াই পরিষ্কার করবেন কী ভাবে?
গরম জলে ২–৩ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে কড়াই কিছুক্ষণ ভিজিয়ে রেখে সাবান দিয়ে মাজুন।
২. বাসনের আঁশটে গন্ধ দূর করার উপায় কী?
ভিনিগার ও গরম জলের মিশ্রণ বাসনে লাগিয়ে প্রায় ৩০ মিনিট রেখে সাবান দিয়ে পরিষ্কার করুন।
৩. বেকিং সোডা দিয়ে বাসন পরিষ্কার করবেন কী ভাবে?
গরম জলে বেকিং সোডা মিশিয়ে বাসন প্রায় দু’ঘণ্টা ভিজিয়ে রাখুন। তারপর বাসন মাজার সাবান দিয়ে পরিষ্কার করুন।
৪. বাসনের তেলচিটে ভাব দূর করতে কী কাজে লাগে?
গরম জলে বাসন ভিজিয়ে রাখলে তেলচিটে ভাব আলগা হয় এবং পরিষ্কার করা সহজ হয়।
৫. পুজোর সময়ে দ্রুত বাসন মাজার সহজ উপায় কী?
নোংরা বাসন জমিয়ে না রেখে সঙ্গে সঙ্গে মেজে নিন। এতে একসঙ্গে অনেক বাসন পরিষ্কারের ঝামেলা কমবে।
