ঢাকা,২৩ অক্টোবর-আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তাঁর এই সফরের সময় টোকিওতে থাকছেন না জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। প্রধানমন্ত্রীর সফরের আগেই তাঁকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি ও কূটনৈতিক সমন্বয়ের দায়িত্ব পালনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলামকে টোকিও পাঠানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, গত ১৫ অক্টোবর চিঠি দিয়ে রাষ্ট্রদূত দাউদ আলীকে ঢাকায় ফিরতে বলা হয়। দুই দিনের মধ্যে দেশে ফেরার নির্দেশনা অনুযায়ী তিনি ঢাকায় আসেন। প্রায় এক সপ্তাহ ধরে তিনি ঢাকায় অবস্থান করছেন।
গত বুধবার টোকিও পৌঁছেছেন সচিব নজরুল ইসলাম। প্রধানমন্ত্রীর সফর শেষ না হওয়া পর্যন্ত তাঁর সেখানে থাকার কথা রয়েছে। সফরের প্রস্তুতি তদারকির পাশাপাশি দ্বিপক্ষীয় যোগাযোগ ও কূটনৈতিক সমন্বয়ের দায়িত্বও পালন করবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের বিষয়গুলো গুরুত্ব পাবে। এ সফরের মাধ্যমে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার হবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।
দাউদ আলী ও নজরুল ইসলাম দুজনই ১৫তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। জাপানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পাওয়ার আগে দাউদ আলী রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। আগামী ৭ ডিসেম্বর তাঁর অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে। তবে তাঁকে ঢাকায় ফিরিয়ে আনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
এস এম/ ২৩ অক্টোবর ২০২৬
