আজকাল ওয়েবডেস্ক: স্কুলের মধ্যেই দগ্ধ ছাত্রী। উদ্ধার দেহ। ঘটনাস্থল থেকে তিনটি চিঠি উদ্ধার করেছে পুলিশ। দিল্লির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দিল্লির কৃষ্ণা নগর এলাকায় শনিবার বিকেলে একটি স্কুলের ভিতরে দ্বাদশ শ্রেণির এক ছাত্রী নিজের গায়ে আগুন ধরিয়ে নেয়। ওই পড়ুয়ার বয়স ১৯। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন যুবতী।
দিল্লির ওই স্কুলের নাম সর্বোদয় কন্যা বিদ্যালয়। ওই স্কুলের গার্ড রুমের পিছনের দিকের অংশ থেকে পড়ুয়ার দগ্ধ দেহ উদ্ধার হয়েছে। নিজের শরীরে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন যুবতী, তথ্য তেমনটাই। যদিও এর নিশ্চিত তথ্য এখনও সামনে আসেনি। তবে, প্রাথমিক তদন্তের সময় পুলিশ ওই ছাত্রীর স্কুল ব্যাগ থেকে তিনটি চিরকুট উদ্ধার করেছে। শিক্ষকদের তথ্য অনুযায়ী, তার ব্যাগ থেকে কিছু সন্দেহজনক বস্তুও পাওয়া গিয়েছে। কিন্তু সেই তালিকায় ঠিক কী কী রয়েছে, সেই নিশ্চিত তথ্য সামনে আসেনি প্রতিবেদন লেখার সময় পর্যন্ত।
ঘটনায় হতবাক পরিবার। ওই পড়ুয়ার বোন স্থানীয় সংবাদ মাধ্যমে জানিয়েছে, তার দিদি সকালে অন্যান্যদিনের মতোই হাসিখুশিভাবেই স্কুলে গিয়েছিল, দুপুর দেড়টার কিছু পরে বাড়িতে ফোন আসে স্কুল থেকে। কিন্তু কেন এই সিদ্ধান্ত, ঠিক কোন কারণে দ্বাদশ শ্রেণির ওই পড়ুয়া আত্মহত্যা করার মতো চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করতে পারে, তা বুঝতে পারছে না পড়ুয়ার পরিবার। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। স্কুলের ওই জায়গায় পৌঁছেছে অপরাধ তদন্তকারী দল। নমুনা সংগ্রহ করেছে তারা। কীভাবে ঘটল এই ঘটনা? তদন্ত চালাচ্ছে পুলিশ।
https://www.youtube.com/watch?v=JwFdq_tA9cE
