'কফি উইথ করণ' -এর শেষ সিজনের পথ চলা ১৪ অক্টোবর থেকে শুরু হয়ে যাচ্ছে। এই জনপ্রিয় সেলেব টক শোয়ের প্রথম দিনের অতিথি হিসেবে থাকবেন সলমন খান। তবে বাকি অন্যান্য পর্বে আর কারা থাকবেন সেটা জানতে মুখিয়ে দর্শক। এবার প্রকাশ্যে এল অতিথিদের সম্পূর্ণ লিস্ট।
'কফি উইথ করণ' শোটি গত ২ দশক ধরে চলে আসছে। প্রথমে টিভিতে, পরে ওটিটি মাধ্যমে সম্প্রচার হয় করণ জোহর সঞ্চালিত এই শো। সলমন খান ছাড়াও এই শেষ সিজনে বিশেষ চমক নিয়ে আসবেন শাহরুখ খান। থাকবেন বলিউডের অন্যান্য প্রথম সারির অভিনেতা, অভিনেত্রী সহ দক্ষিণী তারকারাও।
জানা গিয়েছে, শাহরুখ খান 'কফি উইথ করণ' সিজন ৯ -এর শেষ পর্বে থাকবেন শাহরুখ খান। সূত্রের খবর তিনি একাই থাকবেন অতিথি হিসেবে। তবে র্যাপিড ফায়ার রাউন্ডে তাঁর সঙ্গে আরিয়ান বা সুহানা থাকতে পারেন। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, কফি উইথ করণ শোয়ের পথচলা শুরুও হয়েছিল কিন্তু শাহরুখ খানের হাত ধরে। 'কফি উইথ করণ' সিজন ১ -এর প্রথম অতিথি ছিলেন শাহরুখ খান এবং কাজল। ফলে এবার এই সিজনের শেষ অতিথি হিসেবে তিনি থেকে যে একটি বৃত্ত সম্পূর্ণ করবেন সেটা নিঃসন্দেহে বলা যায়।
১২টির বেশি পর্ব থাকতে পারে এবারের 'কফি উইথ করণ' সিজন ৯ -এ। জানা গিয়েছে, সইফ আলি খান এবং করিনা কাপুর জুটিতে আসবেন এই সিজনে। এছাড়া হবু মা বাবা, কিয়ারা আডবানি এবং সিদ্ধার্থ মালহোত্রাও আসতে পারেন। কানাঘুষোয় শোনা যাচ্ছে, রশ্মিকা মন্দানা, বিজয় দেবেরাকোন্ডা রয়েছেন অতিথি তালিকায়। আলিয়া ভাট তাঁর দিদি শাহিন ভাটের সঙ্গে আসতে পারেন। এছাড়া শিখর পাহাড়িয়ার সঙ্গে জাহ্নবী কাপুরকেও দেখা যেতে পারে বলেই শোনা যাচ্ছে। মা ডিম্পল কাপাডিয়ার সঙ্গে করণের শোয়ে আসবেন টুইঙ্কল খান্না।
এখনও অবধি নিশ্চিত না হলেও, চর্চায় উঠে আসছে এসএস রাজামৌলির নাম। বারাণসীর নায়ক মহেশ বাবুর সঙ্গে তিনি থাকতে পারেন করণের শোয়ে। অন্যদিকে সব ঠিক থাকলে লাভ অ্যান্ড ওয়ার ছবির পরিচালক সঞ্জয় লীলা বনশালি রণবীর কাপুর বা ভিকি কৌশলের সঙ্গে থাকতে পারেন শোয়ে।
তবে সবটাই এখনও চর্চায় জায়গায় রয়েছে। এই গুঞ্জন কতটা সত্যি হয় বাস্তবে সেটাই দেখার।
https://youtu.be/3cMTTodLuk0?si=qN9LUBU7GNKw9FUo
