লংমার্চের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব নয় বলে উল্লেখ করেছেন জাতীয় সংসদের চীফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, লংমার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে বিএনপি সবার আগে সেই কর্মসূচি পালন করত। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে সৃষ্ট সমস্যাগুলোর প্রভাব মোকাবিলা করা বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।
বুধবার (১৪ অক্টোবর) বরগুনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
১১-দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচি প্রসঙ্গে চীফ হুইপ বলেন, বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হলে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং উৎপাদন ও সরবরাহব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করতে হবে। এ ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও কিছু ক্ষেত্রে প্রত্যাশিত উৎপাদন নিশ্চিত না হওয়ার বিষয়টি তুলে ধরে তিনি এ খাতের বিনিয়োগ, উৎপাদন সক্ষমতা ও সরবরাহব্যবস্থার কার্যকারিতা পর্যালোচনার প্রয়োজনীয়তার কথা বলেন।
পায়রা বন্দরের চ্যানেল খনন প্রকল্প প্রসঙ্গে চীফ হুইপ বলেন, প্রকল্পটিতে প্রায় ছয় হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। খননের আগে ও পরে চ্যানেলের গভীরতা পাঁচ মিটার ছিল। প্রকল্পের ব্যয় ও বাস্তবায়নের ফলাফল পর্যালোচনার মাধ্যমে সরকারি অর্থের যথাযথ ব্যবহার, কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করতে স্থানীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান চিফ হুইপ। উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
নূরুল ইসলাম মনি বলেন, দেশের মানুষের সার্বিক কল্যাণ ও ভাগ্যোন্নয়ন বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে।
এদিন বরগুনার হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে টাইব্রেকারে ডৌয়াতলা ক্লাবকে পরাজিত করে পিরোজপুর ক্লাব। পরে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন চীফ হুইপ।
অনুষ্ঠানে মাইক্রোটেক্স ডিজাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মো. রুহুল আমিন শরীফ সভাপতিত্ব করেন। চীফ হুইপ পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
