অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) নিজের জায়গা আরও পোক্ত করলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। অভিষেক মৌসুমেই হোবার্ট হারিকেন্সের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পুরস্কার পেয়েছেন তিনি। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বিবিএলের ১৬তম আসরের জন্যও তাকে দলে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।
এবার অস্ট্রেলিয়ার তারকা লেগ স্পিনার অ্যাডাম জাম্পার সঙ্গে হোবার্টের বোলিং আক্রমণে দেখা যাবে রিশাদকে। গত মৌসুমে বিগ ব্যাশে অভিষেকেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন রিশাদ। ১২ ম্যাচে ২০.৮৬ গড়ে ১৫ উইকেট নেন তিনি।
তার ইকোনমি রেট ছিল ৭.৮২, সেরা বোলিং ২৬ রানে ৩ উইকেট। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মৌসুম শেষে হোবার্টের বর্ষসেরা বিগ ব্যাশ খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশের এই স্পিনার।
রিশাদকে আবারও দলে পেয়ে সন্তুষ্ট হোবার্টের হাই পারফরম্যান্স বিভাগের মহাব্যবস্থাপক স্যালিয়ান বিমস। তার ভাষ্য, হোবার্টে ফেরার ব্যাপারে রিশাদের আগ্রহ চুক্তি সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিমস বলেন, ‘রিশাদ আমাদের স্পষ্ট করে জানিয়েছিল, গত মৌসুমে হোবার্টে তার সময়টা দারুণ কেটেছে এবং সে ফিরতে চায়। বিষয়টি আমাদের কাছে অনেক গুরুত্ব পেয়েছে।’
রিশাদের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘গত মৌসুমে সে অসাধারণ খেলেছে। বিগ ব্যাশে প্রথমবার খেলতে এসে প্রতিটি ম্যাচে অংশ নেওয়া এবং দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া তার সামর্থ্য ও অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার প্রমাণ।’
জাম্পা ও রিশাদকে একসঙ্গে পাওয়ায় বোলিং আক্রমণে বৈচিত্র্য বাড়বে বলে মনে করেন বিমস। তার মতে, জাম্পার দীর্ঘদিনের আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং মাঝের ওভারগুলোতে রিশাদের আক্রমণাত্মক লেগ স্পিন হোবার্টকে বাড়তি সুবিধা দেবে। হোবার্টের সঙ্গে রিশাদের সম্পর্ক অবশ্য গত মৌসুমেরও আগের।
বিবিএলের ১৪তম আসরের ড্রাফট থেকে তাকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ব্যস্ত সূচির কারণে সেবার হোবার্টের হয়ে খেলা হয়নি তার। ১২ ডিসেম্বর মেলবোর্ন রেনিগেডস ও পার্থ স্কোর্চার্সের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিগ ব্যাশ। ১৭ ডিসেম্বর ব্রিসবেন হিটের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে হোবার্ট হারিকেন্স।
ডিসি/আপ্র/১৫/১০/২০২৬
