প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ · ১৭ অক্টোবর, ২০২৬ ১২:১৩ অপরাহ্ন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের পূজামণ্ডপগুলোতে মশা নিধন কার্যক্রম শুরু করেছে পৌরসভা। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের পূজামণ্ডপগুলোতে গ্যাস স্প্রে করার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
পৌরসভা সূত্রে জানা গেছে, পূজামণ্ডপে মশা নিধনের পাশাপাশি পৌর শহরের প্রধান সড়ক ও বিভিন্ন জনবসতিপূর্ণ এলাকায় পর্যায়ক্রমে এ অভিযান চালানো হবে। এর মাধ্যমে পূজার সময় মণ্ডপগুলোতে আগত দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের জন্য পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পূজামণ্ডপ ও আশপাশের পরিবেশ মশামুক্ত রাখা এবং ডেঙ্গুর বিস্তার রোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। বাড়ির আঙিনা ও আশপাশে পানি জমতে না দিলে মশার প্রজনন কমানো সম্ভব।
কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য ও জগন্নাথপুর পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক গোবিন্দ দেব, পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সুবল দেব, ব্যবসায়ী কাজল বনিক, আনন্দময়ী পূজামণ্ডপের সাধারণ সম্পাদক রতন দাস, সমাজসেবক মনোজ চৌধুরী ও সুরাই দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং পৌরসভার কর্মচারীরা।
গুগলে আমাদের খবর পেতে
