
খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা ২৯ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে।
এর আগে সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি। সকাল ১০টায় হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্টসহ সুন্দরবন এলাকা পর্যবেক্ষণের কর্মসূচি ছিল তাঁর।
দাকোপের নলিয়ান থেকে লঞ্চঘাট হয়ে নৌপথে বাগেরহাটের মোংলায় অবস্থিত বানৌজা মোংলার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। এরপর ওয়ার্ডরুমের উদ্দেশে যাত্রা করবেন তিনি। দুপুর ১টায় মধ্যাহ্নবিরতির কর্মসূচি রয়েছে। এ সময় খুলনার বিভাগীয় কমিশনার এবং খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসক উপস্থিত থাকবেন। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, দুপুর ২টা ৪৫ মিনিটে মোংলা বন্দরের জেটি পরিদর্শনের উদ্দেশে রওনা হবেন তিনি। বেলা ৩টায় জেটিতে পৌঁছে পরিদর্শন করবেন সেটি। এরপর বেলা সোয়া ৩টায় প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ৩টায় ওই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর।
সফর শেষে বিকেল ৪টায় হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৫টায় তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। প্রধানমন্ত্রী যেসব এলাকা পরিদর্শন করবেন, সেসব এলাকায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পিজিআরের সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি এসআরবি, নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
এ সফর রাজনৈতিক নয় বলে প্রধানমন্ত্রী যেসব এলাকায় যাবেন, সেখানে নেতাকর্মীদের তেমন ভিড় থাকবে না। নির্ধারিত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন।
