নিজস্ব প্রতিবেদক:
চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি আগের চেয়ে সুস্থ বোধ করছেন। বর্তমানে তিনি রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক জানান, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে মন্ত্রীর কিছুটা রক্তশূন্যতা দেখা দিয়েছিল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছু পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে এবং বাকি পরীক্ষাগুলো আজ অনুষ্ঠিত হবে। তিনি দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।
এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রীর খোঁজখবর নিতে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা মো. আব্দুস সাত্তার পাটোয়ারী, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু এবং ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরিদর্শনের সময় তারা ভূমিমন্ত্রীর দ্রুত ও পূর্ণ আশু রোগমুক্তি কামনা করেন।

