কাজী মোস্তফা রুমি, নাগরপুর উপজেলা প্রতিনিধি
শারদীয় দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও পূজার সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নিতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে তিনি উপজেলা সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজার সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
উক্ত পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আদিবুল ইসলাম-পিপিএম, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিক, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল কুদ্দুস, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নাগরপুর উপজেলা শাখার আহবায়ক বাবু শিব শংকর সূত্রধর, সদস্যসচিব ঝুটন কুমার সাহা প্রমুখ।
এছাড়াও পূজামণ্ডপ পরিদর্শনকালে নাগরপুর থানা কর্মরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নাগরপুর উপজেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষভাবে উল্লেখ্য, শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে নাগরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজারিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে বলে জানা গেছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
