এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের ক্লাব ফর্টিজের শেষটা দারুণ হয়েছে। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাজিকিস্তানের ক্লাব এফসি রেগার-তাদাজকে ৩-১ গোলে হারিয়েছে তারা। এই ম্যাচে জিতলেও টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিতে হয়েছে।
১২ মিনিটে এগিয়ে যায় তাজিক ক্লাব রেগার। এনদোঙ্গো ফোয়ের বুদ্ধিদীপ্ত ফ্লিকে ডান প্রান্ত দিয়ে বল পেয়ে যান শেরজোদ মাখামাদিয়েভ। এরপর মুনির আলমকে কাটিয়ে শট নিয়ে ফর্টিজের গোলরক্ষক সুজন পেরেরাকে পরাস্ত করেন। ফর্টিজের লঙ্কান গোলরক্ষক অফসাইড ও অবস্ট্যাকলের আবেদন করছিলেন। কিন্তু রেফারি তাতে সাড়া দেননি। পাঁচ মিনিট পর ম্যাচের মোড় ঘুরে যায়। মার্টিন আকো আসোমোর দুর্বল ব্যাক পাস থেকে বল ধরেন নোরিকি আকাদা। বক্সের বাইরে তাকে ফাউল করেন সেভেরিন তাকাম। এর ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় রেগার-তাদাজের গোলরক্ষককে। বদলি গোলরক্ষক হিসেবে মাঠে নামা শাখোবুদ্দিন মাখমুদজোদার প্রথম কাজই ছিল সতর্ক থাকা। পা ওমরের বাঁকানো ফ্রি-কিক দারুণভাবে ঠেকিয়ে দেন তিনি।
একজন বেশি থাকায় আক্রমণের চাপ বাড়ায় ফর্টিজ। ৩৫ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ নষ্ট করে তারা। অধিনায়ক পা ওমরের বাড়ানো বল বুকে নামিয়ে বক্সের ভেতর থেকে শট নেন আকাদা, কিন্তু তার প্রচেষ্টা চলে যায় ক্রসবারের অনেক ওপর দিয়ে। দ্বিতীয়ার্ধে নিজেদের রক্ষণ জমাট করে ব্যবধান ধরে রাখার কৌশল নেননি রেগার-তাদাজের প্রধান কোচ আলিশের তুখতায়েভ। ফলে ম্যাচে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে।
জাপানি বংশোদ্ভুত ফুটবলার সুকিকে ৬৩ মিনিটে নামান কোচ মাসুদ পারভেজ কায়সার। সুকি নামার পরই খেলায় গতি বাড়ে। চার মিনিটের মধ্যে ম্যাচে সমতা আনে ফর্টিজ। শুখিকে থামাতে গিয়ে ঝাঁপিয়ে পড়েন গোললক্ষক মাখমুদজোদা। তার বাধায় বল চলে যায় ওমরের কাছে। সেখান থেকে পেছনের পোস্টে থাকা রাফায়েল টুডুকে বল বাড়িয়ে দেন তিনি। দুর্দান্ত ব্যাকহিল ফিনিশে বল জালে পাঠিয়ে ফর্টিজকে সমতায় ফেরান টুডু। গোলের পর আত্মবিশ্বাস ফিরে পান তিনি। মাত্র চার মিনিট পরই এগিয়ে যায় বাংলাদেশি ক্লাবটি। মোহাম্মদ ইব্রাহিমের ক্রসে হেড করে বল শিয়ান কাওয়াসাকির কাছে পৌঁছে দেন অনন্ত তামাং। এরপর দারুণ এক ভলিতে বল জালে জড়িয়ে ফর্টিজকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন কাওয়াসাকি। ৮৮ মিনিটে তৃতীয় গোল করে জয় নিশ্চিত করে কায়সারের দল। পা ওমরের পাস থেকে শুখি নিখুঁত সাইড-ফুটেড বাঁকানো শটে বল জালে পাঠিয়ে ফর্টিসের ৩-১ গোলের জয় নিশ্চিত করেন।
পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব শেষ করল ফর্টিজ। তিন ম্যাচ শেষে ফর্টিজ ও তাজিক ক্লাব রেজারের সমান তিন পয়েন্ট। দুই দলের গোল ব্যবধানও -২। কুয়েতের ক্লাব কাদসিয়ার ইতোমধ্যে ৬ পয়েন্ট হয়েছে। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন আগেই হাতছাড়া হয়েছে। এ ও বি গ্রুপে রানার্স আপ দলের পয়েন্ট তিনের বেশি হওয়ায় ফর্টিজ টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
এজেড/এফএইচএম
