পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ, মানসম্মত উৎপাদন ও বাজারজাতকরণ এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ময়মনসিংহে বিশ্ব মান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এমদাদুল হক এবং দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও প্রান্ত স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. মনসুর আলম চন্দন।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের অধ্যাপক ড. আনিছুর রহমান মজুমদার। তিনি বিশ্ব মান দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি মানসম্মত পণ্য উৎপাদন ও সেবার গুরুত্ব ব্যাখ্যা করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএসটিআই ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের অফিসপ্রধান ও উপপরিচালক সঞ্জয় কুমার সরকার। সভাটি সঞ্চালনা করেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক খেলা রাণী কর। আলোচনা সভায় পণ্যের গুণগত মান নিশ্চিত করা, মানসম্মত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় কার্যকর মান নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, পণ্যের মান নিশ্চিত করা শিল্প ও বাণিজ্যের টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএসটিআইয়ের মান কার্যক্রমের মাধ্যমে দেশীয় শিল্পের বিকাশ, পণ্যের গুণগত মান উন্নয়ন এবং ভোক্তাদের আস্থা অর্জনে সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিশ্ব মান দিবসের এ আয়োজনের মাধ্যমে মানসম্মত পণ্য উৎপাদন, যথাযথ মান নিয়ন্ত্রণ এবং শিল্প-বাণিজ্যের উন্নয়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অংশীজনদের মধ্যে সচেতনতা আরও বাড়বে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
The post ময়মনসিংহে বিশ্ব মান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত appeared first on ভোরের চেতনা.
