নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের আসন্ন দুই টেস্টের সিরিজে জায়গা হয়নি তাঁর। তার পরেই বাংলার রনজি ট্রফির দ্বিতীয় ম্যাচে সার্ভিসেসের বিরুদ্ধে প্রথম একাদশে দেখা যায়নি মহম্মদ শামিকে। তাহলে কি টিম ইন্ডিয়ায় জায়গা না পাওয়ায় মনখারাপ? কামব্যাকের সব আশা ছেড়ে দিলেন? সেই নিয়ে এবার শামি নিজেই মুখ খুললেন।
ঘরোয়া ক্রিকেটে শামি নিয়মিত উইকেট পাচ্ছেন। তারপরও কেন ব্রাত্য? শোনা যাচ্ছে, নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ধারণা, শামি লম্বা স্পেলে বল করতে পারবেন না। তাঁর নাকি সেই ফিটনেস নেই। আর তিনি নিজে কী বলছেন? সার্ভিসেসের বিরুদ্ধে বাংলার জয়ের পর শামি মুখ খুলেছেন।
তিনি বলেছেন, “মাঠের বাইরে থেকে কেউ কীভাবে বলে দেবে, আমি কত ওভার বল করব? বা কত লম্বা স্পেল করব? সেটা তো দলের পরিস্থিতির উপর নির্ভর করবে। অকারণে ওভারের পর ওভার বল করে যাব কেন?” বাংলা-সার্ভিসেসের ম্যাচ ছিল স্পিনারদের স্বর্গ। সেটাকে মাথায় রেখে শামি বলেন, “এই ধরনের পিচে কি একজন পেসারকে পাঁচ-দশ ওভার বল করানো যায়? যদি ব্যাটারদের জন্য পরিস্থিতি সেরকম হয়, তাহলে অবশ্যই করবে। কিন্তু যদি আমি মনে করি, স্পিনাররা উইকেট পাবে, তাহলে সে বল করবে। সেটা অধিনায়কের সিদ্ধান্তের উপর নির্ভর করবে।”
বয়স কি তাঁর ফিটনেসকে প্রভাবিত করছে? ৩৬ বছর বয়সি পেসার বলে যান, “আমি এখনও নিজের সেরা ফর্মে আছি। আমি কেন হাল ছেড়ে দেব? যে কোনও পেশায় কখনও হাল ছাড়তে নেই। একটা লক্ষ্য ধরে রাখতে হয়। আমারও একটা লক্ষ্য আছে।” তাহলে কি এখনও ২০২৭-র ওয়ানডে বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছনে? শামি বলেন, “আমি অতদূর ভাবছি না। জীবনে কখন কী হয়, বলা যায় না। এখন ওই নিয়ে কথা বলার কোনও মানে হয় না। শুধু ম্যাচ খেলে যাও আর নিজের উন্নতি করো।”
