সব্যসাচী ও মাসাবাEi Samay
Published on
:
1 min read
ভারতীয় ফ্যাশন দুনিয়ায় নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন ডিজ়াইনার মাসাবা গুপ্তা। সম্প্রতি নিউ ইয়র্কে ডিজ়াইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের মেট মিউজ়িয়ামে আয়োজিত দিওয়ালি পার্টিতে তাঁর উপস্থিতি যেন ফিরিয়ে আনল পুরোনো দিনের স্মৃতি। লাল-সাদা পোশাকে নজর কাড়েন মাসাবা। তবে তাঁর উপস্থিতির তাৎপর্য শুধু সাজপোশাকে সীমাবদ্ধ ছিল না।
কেরিয়ারের শুরুর দিন থেকেই সব্যসাচীর সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর ফ্যাশন-যাত্রার এক বিশেষ অধ্যায়। ২০০৯-এর একটি ছবিতে ধরা পড়েছিল সব্যসাচী এবং মাসাবার সেই পুরোনো সম্পর্কের ঝলক। সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছু। এক সময়ে সব্যসাচীর মিউজ় হিসেবে পরিচিত মাসাবা আজ নিজে ডিজ়াইনার পরিচয়ে প্রতিষ্ঠিত। ভারতীয় পোশাকে সাহসী প্রিন্ট, আধুনিক কাট এবং সমসাময়িক নকশার মেলবন্ধনই তাঁর সিগনেচার স্টাইল। ঐতিহ্যবাহী ভারতীয় পোশাককে নতুন আঙ্গিকে তুলে ধরার ক্ষেত্রে তাঁর নিজস্ব ভাবনাই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।
শুধু ডিজ়াইনার হিসেবেই নয়, তারকাদের পছন্দের তালিকাতেও ক্রমশ জায়গা করে নিয়েছে মাসাবার লেবেল। আলিয়া ভাটের গণেশ চতুর্থীর সাজ থেকে শুরু করে বিভিন্ন তারকার বিশেষ অনুষ্ঠানের লুক— মাসাবার ডিজ়াইনে বারবার ধরা পড়েছে সাবেকিয়ানার স্মার্ট ট্যুইস্ট। যাঁরা ভারতীয় পোশাকে নতুনত্ব খোঁজেন, তাঁদের কাছে তাঁর ডিজ়াইন বিশেষ আকর্ষণের। নিউ ইয়র্কের অনুষ্ঠানে মাসাবার উপস্থিতি তাই নিছক কোনও দিওয়ালি পার্টি বা ফ্যাশন ইভেন্টে যোগ দেওয়া নয়।
বরং ২০০৯ থেকে ২০২৬, দীর্ঘ ১৭ বছরের পথচলার এক প্রতীকী মুহূর্ত। সব্যসাচীর হাত ধরে কেরিয়ারের শুরুর দিনগুলির স্মৃতি থেকে নিজের ব্র্যান্ডকে প্রতিষ্ঠা করা, মাসাবার এই যাত্রা প্রমাণ করে, অনুপ্রেরণার সূত্র ধরে শুরু হলেও সাফল্যের নিজস্ব পরিচয় তৈরি করাই আসল কৃতিত্ব।
