ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস উপলক্ষে জগন্নাথ হলের ছাদ ধসে ৪০ জন নিহত হওয়ার স্মৃতি স্মরণ করে ঝুঁকিপূর্ণ আবাসিক হল ও একাডেমিক ভবন সংস্কার এবং শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও একাডেমিক ভবনগুলোর অবকাঠামোগত উন্নয়ন, ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার এবং শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার (১৫ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটির প্রচার ও মিডিয়া সম্পাদক মো. মিফতাহুল হোসাইন আল মারুফ এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, ১৯৮৫ সালের ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের টেলিভিশন কক্ষের ছাদ ধসে ছাত্র, কর্মচারী ও অতিথিসহ ৪০ জনের মর্মান্তিক মৃত্যু হয়। সেই হৃদয়বিদারক স্মৃতিকে ধারণ করে প্রতিবছর ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে ওই দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণ এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করে ছাত্রশিবির।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে সলিমুল্লাহ মুসলিম হল, হাজী মুহম্মদ মুহসীন হলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের কয়েকটি ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব ভবনের অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। অন্যথায় যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও একাডেমিক ভবনগুলোর অবকাঠামোগত উন্নয়ন, ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার এবং শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দ্রুত প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানায় সংগঠনটি।

