স্টাফ রিপোর্টার : সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি। রোববার ও সোমবার সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি, মেলব্রন ক্রিম, কিসমিস, আতশবাজি ও একটি ভারতীয় গরুসহ বিভিন্ন চোরাইপণ্য জব্দ করা হয়। এসময় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানিয়েছে, রোববার ও সোমবার গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির দায়িত্বাধীন কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিদারা এলাকায় অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ৩১৯ পিস ভারতীয় শাড়ি, ১ হাজার ৭১৬ পিস মেলব্রন ক্রিম এবং ৬০ কেজি কিসমিস জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য ৩২ লাখ ১২ হাজার ৬০০ টাকা।
এর আগে রোববার (১৮ অক্টোবর) জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির পৃথক আভিযানিক টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ১৩ হাজার ৬০০ পিস বিভিন্ন ধরনের আতশবাজি ও একটি ভারতীয় গরু জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য ৩ লাখ ৭৩ হাজার টাকা।
বিজিবি জানায়, দুই দিনের পৃথক অভিযানে জব্দ করা অবৈধ পণ্যের সর্বমোট বাজারমূল্য ৩৫ লাখ ৮৫ হাজার ৬০০ টাকা।
সোমবার (১৯ অক্টোবর) এর সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল জুবায়ের আনোয়ার জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত পণ্যের বিষয়ে আইন ও প্রচলিত বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধিন। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
