২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের দলে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে দেখা যাবে কি না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। অজিত আগরকর ভারতের প্রধান নির্বাচকের পদ থেকে সরায় রোহিত, কোহলির রাস্তা কিছুটা হলেও পরিষ্কার হয়েছে। কিন্তু তাঁরা যে খেলবেনই তা এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না। এই পরিস্থিতিতে ভারতের দুই তারকা ক্রিকেটারকে দু’টি শর্ত দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি মিঠুন মনহাস।
রোহিত ও কোহলি, দু’জনেরই বয়স হয়েছে। এই পরিস্থিতিতে তাঁরা কত দিন খেলা চালিয়ে যেতে পারবেন, সেই প্রশ্ন উঠেছে। কিন্তু মিঠুন বয়সের কথা তুলছেন না। তাঁর মতে, দলে থাকার প্রধান দুই শর্ত ফিটনেস ও পারফরম্যান্স।
‘স্পোর্টস্টার’-কে দেওয়া সাক্ষাৎকারে মিঠুন বলেন, “বিসিসিআইয়ের হয়ে বলতে পারি, এখনও এই বিষয়ে কিছু বলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। কারণ, বিশ্বকাপে কারা খেলবে সেই সিদ্ধান্ত নির্বাচক কমিটি ও কোচের। কিন্তু আমি একটা কথা বলতে পারি। বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার প্রধান শর্ত ফিটনেস ও পারফরম্যান্স হওয়া উচিত। বয়স নয়।”
মিঠুনের মতে, যিনি ভাল খেলবেন, দলকে জেতাবেন, তিনি দলে থাকবেন। বোর্ড সভাপতির কথায়, “যদি কারও ফিটনেস নিয়ে কোনও সমস্যা না থাকে ও সে ভাল খেলে দেশকে জেতায়, তা হলে তো অন্য কোনও দিকে তাকানোরই প্রয়োজন নেই।”
রোহিত ও কোহলি গত এক বছরে ৫০ ওভারের ক্রিকেটে ছন্দে রয়েছেন। দু’জনেই রান করছেন। দলকে জেতাচ্ছেন। কোহলির ফিটনেস নিয়ে কোনও প্রশ্ন ওঠার কথা নয়। এখনও বাকিদের থেকে অনেক ফিট তিনি। রোহিতও ওজন কমিয়েছেন। ফিটনেস নিয়ে খাটছেন। তিনিও জানেন, ফিট না থাকলে সুযোগ পাওয়া কঠিন। সেই ফিটনেসের কথাই শোনা গেল বোর্ড সভাপতির মুখে।
