একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান
সংশোধন কমিটিতে যাবে না এনসিপি: আখতার হোসেন
নিজস্ব প্রতিবেদক
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে প্রস্তাবিত সংবিধান সংশোধন কমিটিতে এনসিপি অংশ নেবে না বলেও স্পষ্ট করেছে দলটি।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে জুলাই সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, “অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। একদলীয় সংবিধান সংশোধন কমিটিতে এনসিপি যাবে না।” এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর আহ্বানও জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক।

