সিলেট নগরীতে পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় পুলিশের পোশাক পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনের ঘটনায় জালালাবাদ থানার এএসআই উদয়ন ফারুককে ক্লোজড করা হয়েছে। তাঁকে থানা থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারের স্বাক্ষরিত এক আদেশে তাঁকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল হাবিব।
এ ঘটনায় তদন্ত করে প্রতিবেদন দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে জালালাবাদ থানার সহকারী কমিশনারকে (এসি)। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৯ অক্টোবর) রাতে সিলেট নগরীর ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন জালালাবাদ থানার এএসআই উদয়ন ফারুক।
এ সময় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মণ্ডপে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে নিরাপত্তার দায়িত্ব ছেড়ে পুলিশের পোশাক পরেই গান পরিবেশন করেন তিনি। তাঁর গান গাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। পরে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তাঁকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। এরপর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য জালালাবাদ থানার সহকারী কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএম/
