রাঙ্গামাটির সাজেক সড়কে আবারো অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছে দুই সংগঠন সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। এর জেরে সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণ স্থগিত করেছে জেলা প্রশাসন। বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে রাঙ্গামাটি জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করেন।
এতে বলা হয়েছে, অনিবার্য কারণে আজ সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। একই সঙ্গে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৪টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য বলা হলো।
এর আগে গত ১১ অক্টোবর এক গণবিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালি ভ্রমণ বন্ধ ঘোষণা করে। এরপর দুর্গাপূজাকে কেন্দ্র করে ১৬-২১ অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি স্থগিতের পর সাজেক ভ্যালি ভ্রমণের নিষেধাজ্ঞাও প্রত্যাহার করে প্রশাসন।
